চার বছরে মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, নারীর নামে ইস্যু করবে সরকার


নারীর নামে ফ্যামিলি কার্ড ইস্যুর মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদারের উদ্যোগ সরকারের। ছবি সংগৃহীত
সরকার আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারকে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি জানান, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারণ করা হবে এবং ভবিষ্যতে এটি ইউনিভার্সাল পর্যায়ে উন্নীত করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি জানান, ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে, যা নারীর সামাজিক মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করবে।
তিনি আরও জানান, বর্তমানে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে, যা তাদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং নারীর ক্ষমতায়ন আরও জোরদার হবে। তবে কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।










