আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:১৩ এএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে এই রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আদালত সূত্র জানায়, আজকের রায়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে এটি তৃতীয় রায় হতে যাচ্ছে।

গত রোববার (১ ফেব্রুয়ারি) এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। তার আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ বা সিএভি হিসেবে রাখা হয়। প্রসিকিউশনের পক্ষে ১৪ ও ১৫ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এরপর আসামিপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এসএম মিরাজুল আলম আজমান। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে পৌঁছায়।

এই মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট আটজন আসামি এখনো পলাতক।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়। সে সময় আদালতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতে সাক্ষ্য দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় একজন ব্যক্তি জীবিত ছিলেন এবং তার গায়ে পেট্রল ঢেলে তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিন একই ঘটনায় আরও একজন নিহত হন। এসব ঘটনার পর ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

আজ ঘোষিতব্য এই রায়কে কেন্দ্র করে বিচারপ্রার্থী পরিবার, আইনজীবী মহল এবং মানবাধিকার সংশ্লিষ্টদের দৃষ্টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে নিবদ্ধ রয়েছে। রায়ের মাধ্যমে এই নৃশংস ঘটনার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।