আজ সকাল ১০টায় শপথ নিচ্ছেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিরা


আজ সকাল ১০টায় শপথ নিবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিরা। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ নেবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পড়াবেন। একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করানো হবে।
এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়েই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ গ্রহণ সম্পন্ন করবেন সিইসি।
ইসি সচিবালয়ের তথ্যমতে, বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
ভোটের হিসাবে বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বলে জানানো হয়। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে বাকি ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শপথের পর সরকার গঠন ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










