আইজিপি পদে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৫৮ এএম
আইজিপি পদে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদরদপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন, এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে একবার চাকরিচ্যুত হলেও বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। পরে আবারও আওয়ামী লীগ শাসনামলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। পরে তিনি সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পান।

আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে তিনি আওয়ামী রোষানলের শিকার হন এবং সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।

কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পেয়ে সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যোগ দেন। জাতিসংঘ থেকে দেশে ফিরে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।