যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ তুষারপাতে ৫,৭০০-এর বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:১৫ এএম
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ের কারণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ের কারণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ দুর্যোগে প্রায় ৫ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে ৩৭ ইঞ্চি (প্রায় ৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত কার্যত থমকে গেছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে; প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়েছে, যার মধ্যে নিউজার্সি ও ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষার জমে ১৯৭৮ সালের আগের রেকর্ড ভেঙে গেছে। আবহাওয়াবিদরা এই তুষারঝড়কে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি নাগরিকদের সতর্ক করে বলেন, হোয়াইটআউট বা প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক। তাই সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আকাশপথের যোগাযোগও নজিরবিহীনভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দরে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। বোস্টন ও ফিলাডেলফিয়াতেও ৮০–৯২ শতাংশ ফ্লাইট স্থগিত রয়েছে। মঙ্গলবার আরও দুই হাজার ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে।