মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:০৮ এএম
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক অবৈধ অভিবাসীরা। ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক অবৈধ অভিবাসীরা। ছবিঃ সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে মোট ৭ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া। বিভিন্ন দেশে থেকে আসা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানে এই আটক কার্যক্রম পরিচালিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইন প্রয়োগ শাখা মোট ১ হাজার ৮৫৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩০ হাজার ১৭৭ জনকে যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ৭ হাজার ৪৩ জনকে বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থানের দায়ে আটক করা হয়।

তিনি আরও বলেন, “অভিবাসন আইন ও বিধিমালা লঙ্ঘনের বিষয়ে কোনো আপস করা হবে না। আইন প্রয়োগে আমরা আরও কঠোর ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিচ্ছি।” তার ভাষ্য অনুযায়ী, অভিযানের মূল লক্ষ্য হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায় ৪ হাজার ৮০৪টি মামলা দায়ের হয়েছে, যা বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়া অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে ১৫(১)(সি) ধারায় ১ হাজার ২৫০টি মামলা করা হয়েছে।

এছাড়া ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ৮০৬টি মামলা এবং অন্যান্য অপরাধে আরও ১৮৩টি মামলা নথিভুক্ত হয়েছে। আটক বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করা যায়।