ট্রাম্পের দাবি: ইরানের ড্রোন কারখানায় লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র


ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের ড্রোন তৈরির স্থাপনাগুলোতে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব স্থাপনায় তৈরি হওয়া ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও ইসরাইলের ওপর হামলা চালানো হচ্ছে, সেগুলোকে লক্ষ্য করেই এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের হাতে এখন খুব সীমিত সামরিক শক্তি অবশিষ্ট রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের ফলে ইরানের সামরিক উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের ড্রোন উৎপাদনও আগের তুলনায় অনেক কমে গেছে। ট্রাম্পের দাবি, বর্তমানে তাদের ড্রোন সক্ষমতা আগের তুলনায় প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র এখন সেইসব স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে যেখানে এসব ড্রোন তৈরি করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। ওই হামলায় ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
চলমান এই সংঘাতে উভয় পক্ষের হতাহতের খবরও পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ইরানে হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।










