স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় নিহত শতাধিক, রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৮ জানুয়ারী, ২০২৬ এ ৩:১৭ এএম
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্য নিয়ে চালানো মার্কিন সামরিক অভিযানে দেশটিতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। বুধবার (৭ জানুয়ারি) কারাকাসে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো বলেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক এবং মিত্র দেশের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাত পান এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাতপ্রাপ্ত হন। দুজনই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে ভেনেজুয়েলা সরকার নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে তাদের অন্তত ২৩ জন সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে পরিকল্পিতভাবে এবং ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আঞ্চলিক উদ্বেগ আরও বেড়েছে। কিউবা সরকার জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যও ওই অভিযানে নিহত হয়েছেন। কিউবা বিষয়টিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হিসেবে আখ্যা দিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো নিহত সেনাসদস্যদের ‘সাহসী ও দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, অভিযানে প্রাণ হারানোদের স্মরণে গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ভেনেজুয়েলা সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি উত্থাপনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।