বিশ্বের ‘সর্বোচ্চ করদাতা’ হতে যাচ্ছেন মাস্ক, জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার


বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক; কর প্রদানে নতুন রেকর্ডের সম্ভাবনা। ছবি: সংগৃহীত
বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, জীবদ্দশায় তিনি মোট ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতার তালিকায় শীর্ষে নিতে পারে।
মাস্কের সম্পদের বড় উল্লম্ফনের পেছনে রয়েছে তার রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর সাম্প্রতিক একীভূতকরণ। এই চুক্তির ফলে নবগঠিত প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। মার্জারের প্রভাবে একদিনেই তার ব্যক্তিগত সম্পদ প্রায় ৮৪ বিলিয়ন ডলার বেড়েছে বলে জানা গেছে।
এক্সে প্রকাশিত একটি ভিডিওর জবাবে মাস্ক রসিকতা করে বলেন, তিনি ইতোমধ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি কর দিয়েছেন। এমন অবদানের জন্য অন্তত একটি ছোট ট্রফি তার প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইঙ্গিত দেন, তার মোট কর প্রদানের পরিমাণ ভবিষ্যতে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে বিপুল সম্পদের মালিক মাস্ক বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার দৌড়েও এগিয়ে আছেন। অন্যান্য শীর্ষ ধনীদের সম্পদ যেখানে ১০০ থেকে ২৫০ বিলিয়ন ডলারের মধ্যে, সেখানে মাস্কের সম্পদ তার তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, টেসলা থেকে সম্ভাব্য শেয়ার সুবিধা ও নতুন ব্যবসায়িক সম্প্রসারণ তার সম্পদ আরও বাড়াতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে প্রযুক্তি ও মহাকাশ খাতে দ্রুত সম্প্রসারণের প্রভাবেই মাস্কের সম্পদ বৃদ্ধি পেয়েছে। কর প্রদানের বিষয়টি নিয়ে তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।









