Something went wrong

বিলাসিতার শহর দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৮ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪০ এএম
দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি হতে যাওয়া বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা ‘গোল্ড স্ট্রিট’। ছবি: সংগৃহীত

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি হতে যাওয়া বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা ‘গোল্ড স্ট্রিট’। ছবি: সংগৃহীত

দুবাইয়ে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা বা ‘গোল্ড স্ট্রিট’ তৈরি হচ্ছে। ইথরা দুবাইয়ের উদ্যোগে গড়ে উঠা এই রাস্তা দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাণিজ্যিক হাবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আল-শাইবানি এবং দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাশেদ লুতাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোল্ড স্ট্রিটটি মূলত স্বর্ণ ও স্বর্ণনির্মিত উপাদান ব্যবহার করে তৈরি হবে। তবে এর সম্পূর্ণ নকশা ও নির্মাণশৈলীর বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে। নতুন এই বিশেষায়িত জোনে স্বর্ণ ও অলঙ্কার খুচরা বিক্রয়, পাইকারি বাণিজ্য, বুলিয়ন সার্ভিস এবং বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম একই স্থানে পরিচালিত হবে।

এ এলাকায় ইতোমধ্যেই জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিষ্কের মতো খ্যাতনামা ব্র্যান্ড কার্যক্রম শুরু করেছে। এছাড়া আন্তর্জাতিক জুয়েলারি চেইন জয়আলুকাস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা করছে।

পর্যটন ও বাণিজ্যের সুবিধার্থে ডিস্ট্রিক্টে ছয়টি হোটেলে এক হাজারেরও বেশি কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। ২০২৫ সাল থেকে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পর্যটকবাহী বাসের রুট চালু করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১৪৭টি দেশের মানুষ এই এলাকা পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি ভারত, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী ইশাম গালাদারি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্বর্ণ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য একটি একক ও সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র তৈরি করা।

Advertisement
Advertisement