দুই লাখ পর্যটককে ফ্রিতে ডোমেস্টিক ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড


ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। সম্ভাব্য এই উদ্যোগের আওতায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে দুই লাখ আন্তর্জাতিক পর্যটক বিনামূল্যে টিকিট পাবেন।
থাই সংবাদমাধ্যম দ্য নেশন থাইল্যান্ডের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং এ পরিকল্পনার জন্য ৭০০ মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছেন। এতে বিদেশি পর্যটকেরা শুধু বড় শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন গন্তব্য ভ্রমণ করতে পারবেন।
পরিকল্পনা বাস্তবায়নের জন্য থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইন্স—থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেটের সঙ্গে অংশীদারিত্ব করা হবে। সরকারের পক্ষ থেকে একমুখী টিকিটে ১৭৫০ বাথ এবং রিটার্ন টিকিটে ৩৫০০ বাথ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি) ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ কর্মসূচি বাস্তবায়ন করবে। এটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং পর্যটকরা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেশীয় ভ্রমণ কার্যক্রম উপভোগ করতে পারবেন।
পর্যটন মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগ অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করবে। তারা সারাদেশের জনপ্রিয় গন্তব্য, ইউনেস্কো স্বীকৃত শহর এবং পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবেন। আন্তর্জাতিক পর্যটকরা এয়ারলাইনস ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করলে তারা বিনামূল্যে দুটি দেশীয় ফ্লাইট টিকিট ও ২০ কেজি লাগেজ সুবিধা পাবেন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই উদ্যোগ থেকে সরাসরি আয় হবে প্রায় ৮.৮১ বিলিয়ন বাথ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পড়বে প্রায় ২১.৮০ বিলিয়ন বাথ। এটি থাইল্যান্ডের ২০২৫ সালের ‘অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’ কর্মসূচির অংশ হিসেবেও কাজ করবে।









