Something went wrong

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি মুক্ত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৪ অক্টোবর, ২০২৫ এ ৩:৪৩ এএম
গাজার খান ইউনিসে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় জনগণ। ছবি: সংগৃহীত

গাজার খান ইউনিসে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় জনগণ। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।

মুক্তিপ্রাপ্ত কারাবন্দিদের দুটি পৃথক ব্যাচে ভাগ করা হয়। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরাইলের মালিকানাধীন ‘ওফের’ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই ব্যাচে মুক্তিপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় ২ হাজার।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনসংযোগ দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে করে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান মুক্তিপ্রাপ্ত বন্দিরা। কারাবন্দিদের পরিবহনের দায়িত্ব পালন করে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।

একই সময়ে দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগার থেকে দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। তারা খান ইউনিস শহরে এসে পৌঁছান। ইসরাইলি কেন্দ্রীয় কারা দপ্তরের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানের সময় যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্য থেকে এই কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।

গাজায় পৌঁছানো বন্দিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স। তাদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হন শত শত ফিলিস্তিনি, যা পরিণত হয় আবেগঘন মুহূর্তে।

Advertisement
Advertisement