Something went wrong

ইমরান খানের উন্নত চিকিৎসা চেয়ে সুপ্রিম কোর্টে পিটিআই

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:০৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান; উন্নত চিকিৎসার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিআই। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান; উন্নত চিকিৎসার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিআই। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে দলটি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইমরানের চোখের বিশেষায়িত চিকিৎসার দাবিতে এ পিটিশন দাখিল করা হয়। দলটির দাবি, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।

পিটিআইয়ের আইনজীবী লতিফ খোসা সুপ্রিম কোর্ট রুলস ২০২৫-এর ৩৫(৬) বিধি অনুযায়ী তোশাখানা ফৌজদারি মামলার প্রেক্ষিতে এ আবেদন করেন। আদালতে ব্যারিস্টার সালমান সাফদারের প্রস্তুত করা একটি স্বাস্থ্য প্রতিবেদন জমা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। আবেদনে ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, রেটিনা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চোখের চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান ও ড. অসীম ইউসুফের উপস্থিতি এবং চিকিৎসাকালে পরিবারের সদস্যদের পাশে থাকার অনুমতি চাওয়া হয়েছে। আইনজীবীদের কাছে মেডিকেল রিপোর্টের সত্যায়িত কপি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবার ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে পিটিআই দাবি করেছে। একটি মেডিকেল রিপোর্টে তার ডান চোখের দৃষ্টিশক্তি ১৫ শতাংশে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়। এ তথ্য প্রকাশের পর দলটি তার মুক্তির দাবিও জোরালো করেছে।

তবে সরকারি কর্মকর্তারা বলছেন, ইমরান খান যথাযথ চিকিৎসা পাচ্ছেন। সম্প্রতি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে আয়োজিত এক সেশনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান ও সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাসকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। কর্মকর্তাদের দাবি, ব্যক্তিগত চিকিৎসকরাও তখন সন্তোষ প্রকাশ করেছিলেন।

আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, চশমা ব্যবহারের মাধ্যমে এক চোখে তার দৃষ্টিশক্তি স্বাভাবিক ৬/৬ এবং অন্য চোখে প্রায় ৭০ শতাংশ রয়েছে। একটি মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে ৬/৯ হয়েছে এবং বাম চোখের দৃষ্টিশক্তি চশমাসহ ৬/৬ পাওয়া গেছে। আদিয়ালা জেলে গঠিত মেডিকেল বোর্ড এ পরীক্ষা করে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন। পাশাপাশি ৯ মে’র বিক্ষোভ-সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের মামলাগুলোর বিচারও চলছে। এ পরিস্থিতিতে তার চিকিৎসা নিয়ে আইনি লড়াই নতুন মাত্রা পেয়েছে।

Advertisement