সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৪০ এএম
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড ও হলিউডে সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন। সাক্ষাৎকারটি বিদেশে ধারণ করা হয়। সেখানে তার পেছনে প্রদর্শিত ভারতের একটি মানচিত্র নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ, মানচিত্রে জম্মু-কাশ্মীর অঞ্চল ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দেখানো হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার অভিনয়জীবন, আন্তর্জাতিক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তবে সম্প্রচারের পর দর্শকদের একটি অংশ তার বক্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দেন পেছনের মানচিত্রটিতে। নেটিজেনদের দাবি, মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, যা সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।

ভিডিওর ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, একজন ভারতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ হিসেবে প্রিয়াঙ্কা কীভাবে এমন একটি মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কিছু ব্যবহারকারী তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, প্রিয়াঙ্কার সমর্থকেরা ভিন্ন মত দিয়েছেন। তাদের বক্তব্য, সাক্ষাৎকারের সেট বা পেছনের উপস্থাপনা নির্ধারণের দায়িত্ব সাধারণত আয়োজক প্রতিষ্ঠানের। একজন অতিথি হিসেবে মানচিত্রের নির্ভুলতা যাচাই করা তার কাজ নয়। তাদের ধারণা, বিষয়টি হয়তো তার নজর এড়িয়েই গেছে।

এ ঘটনায় এখনো প্রিয়াঙ্কা চোপড়া বা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ‘ভুল মানচিত্র’ বিতর্ক ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভক্ত ও সমালোচক উভয় পক্ষই। নতুন কোনো ব্যাখ্যা বা পদক্ষেপ এলে তা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।