ভক্তদের জন্য প্রযুক্তিনির্ভর নতুন চমক আনল বিটিএস


বিটিএসের নতুন ‘অফিসিয়াল লাইট স্টিক ভার্সন ৪’, উন্নত প্রযুক্তি ও অ্যাপ সাপোর্টসহ। ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় কে-পপ ব্যান্ড বিটিএস তাদের ভক্তদের জন্য নতুন প্রযুক্তিনির্ভর ‘অফিসিয়াল লাইট স্টিক ভার্সন ৪’ প্রকাশ করেছে। ‘ARIRANG’ যুগকে সামনে রেখে আনা এই নতুন ডিভাইসে যুক্ত হয়েছে উন্নত ওয়্যারলেস কন্ট্রোল, নতুন ডিজাইন ও ভক্তদের জন্য বিশেষ অ্যাপ সুবিধা।
নতুন লাইট স্টিকটি ২০২০ সালে প্রকাশিত ‘ম্যাপ অব দ্য সোল স্পেশাল এডিশন’-এর উন্নত সংস্করণ। এতে আধুনিক ডিজাইনের পাশাপাশি যুক্ত করা হয়েছে ক্রেডল ও বিভিন্ন ব্যবহারযোগ্য এক্সেসরিজ। ভক্তদের কনসার্ট অভিজ্ঞতা আরও সহজ ও সমন্বিত করতে একটি ডেডিকেটেড অ্যাপও চালু করা হয়েছে।
অ্যাপটির মাধ্যমে ভক্তরা ভেন্যু ম্যাপ, পেয়ারিং বুথের অবস্থান এবং লাইট স্টিক সঠিকভাবে সংযুক্ত হয়েছে কি না—এসব তথ্য আগে থেকেই যাচাই করতে পারবেন। কনসার্ট চলাকালীন সঠিকভাবে পেয়ার করা থাকলে পুরো ভেন্যু জুড়ে একসঙ্গে লাইট স্টিকের আলো জ্বলে উঠবে। এমনকি পেয়ারিং সম্পূর্ণ না হলেও শোর নির্দিষ্ট অংশে স্বয়ংক্রিয় ওয়্যারলেস কন্ট্রোল কার্যকর থাকবে।
‘কনসার্ট মোড’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা লাইট স্টিকের পেয়ারিং ইতিহাস সংরক্ষণ করতে পারবেন। এর ফলে তারা কোন কোন কনসার্টে অংশ নিয়েছেন, তার তালিকাও অ্যাপের হিস্ট্রি সেকশনে দেখতে পারবেন। পাশাপাশি অ্যাপ ছাড়া লাইট স্টিকের বোতাম ব্যবহার করে বিভিন্ন রঙ ও ফ্ল্যাশিং ইফেক্ট চালু করার সুবিধাও রাখা হয়েছে।
নতুন ‘কালার শেকিং’ ফিচারের মাধ্যমে লাইট স্টিক স্বয়ংক্রিয়ভাবে রঙ পরিবর্তন করবে, যা সংরক্ষণ করে ‘সেলফ মোড’-এ ব্যবহার করা যাবে। ক্রেডল ব্যবহার করে এটি ঘরে মুড ল্যাম্প হিসেবেও ব্যবহার করা সম্ভব, যা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, ভার্সন ৩, স্পেশাল এডিশন (SE) ও ভার্সন ৪—এই তিনটি লাইট স্টিকেই চলতি বছরের ২৮ মে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘ARIRANG’ কনসার্ট পর্যন্ত ওয়্যারলেস কন্ট্রোল সাপোর্ট থাকবে। তবে ১২ জুন বুসানে অনুষ্ঠিত পরবর্তী কনসার্ট থেকে কেবলমাত্র ভার্সন ৪ লাইট স্টিকেই পূর্ণাঙ্গ ওয়্যারলেস কন্ট্রোল সুবিধা দেওয়া হবে।










