কলকাতায় ‘গ্যাংস্টার’ লুকে শাকিব খান, ভাইরাল শুটিংয়ের ছবি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:২১ এএম
কলকাতার বিভিন্ন স্থানে শাকিব খানের ‘গ্যাংস্টার’ লুকের শুটিং চলাকালীন মুহূর্ত। ছবি: সংগৃহীত

কলকাতার বিভিন্ন স্থানে শাকিব খানের ‘গ্যাংস্টার’ লুকের শুটিং চলাকালীন মুহূর্ত। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। বর্তমানে সিনেমাটির শুটিং কলকাতায় চলছে। বৌবাজার, হাওড়া ও আলিপুরের বিভিন্ন এলাকায় শুটিং করছেন মেগাস্টার। সম্প্রতি শাকিব খানের নতুন ‘গ্যাংস্টার’ লুকের কিছু ছবি প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে।

শাকিব খানের চরিত্রে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদল ফুটেছে। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট—পরিচালক আবু হায়াত মাহমুদ এই ভিন্ন অবতারে শাকিবকে উপস্থাপন করেছেন। সিনেমায় দেখা যাবে কীভাবে একজন সাধারণ মানুষ দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হয়।

শুটিংয়ের বিশেষ দৃশ্য

গত ৯ ফেব্রুয়ারি হাওড়ার শালিমারের একটি পরিত্যক্ত কারখানায় রাতভর মারপিট ও অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হয়। এরপর ১১ ফেব্রুয়ারি বৌবাজারের মাধো ভবনে বাইক নিয়ে শাকিব খানের প্রবেশ দৃশ্যের শুটিং হয়। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এই শুটিংয়ে ব্যাপক কৌতূহল দেখা দেয়। কলকাতার শুটিং শেষ করে পুরো ইউনিট ভারতের হায়দরাবাদে যাবে।

কাস্ট ও ক্রু

শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন বাংলাদেশি অভিনেতা শরীফ সিরাজ ও মাহমুদ, কলকাতার লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণে দায়িত্বে রয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।

সিনেমার প্রথম লট শ্রীলঙ্কায় শুটিং শেষ হওয়ার পর, বর্তমানে এটি দ্বিতীয় লটের কাজ চলছে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে শিলিন সুলতানা প্রযোজনায় নির্মিত এই সিনেমা চলতি বছরের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।