উমরাহ পালন শেষে রিজিক নিয়ে তামিম মৃধার ভাবনা


ছবি : সংগৃহীত
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা হিসেবে খ্যাতি পাওয়া তামিম মৃধা এখন সম্পূর্ণ ভিন্ন পথে। বিনোদনের রঙিন দুনিয়া থেকে সরে এসে তিনি মনোনিবেশ করেছেন ইসলামের আলোয় আলোকিত জীবনে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবর্তিত রূপই বেশি আলোচনায়। ধর্মীয় অনুপ্রেরণামূলক কনটেন্ট শেয়ার করে ইতোমধ্যেই তিনি অনেকের মন জয় করেছেন।
সম্প্রতি তামিম মৃধা পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। সেখানকার কাবাঘরের সামনে তোলা নিজের একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের অবস্থা কেমন। আমি ভাবি, রিজিক আসলে কী? আমি শ্বাস নিচ্ছি, হাঁটছি, খেতে পারছি, শান্তি পাচ্ছি— এটাই তো আসল রিজিক। এই রিজিক নিয়েই প্রিয় জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, এর চেয়ে বড় নেয়ামত আর কী হতে পারে!”
তার এই উপলব্ধি অনুরাগীদেরও ভাবনায় ফেলেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন। অনেকে লিখেছেন, তামিমের এই পরিবর্তন তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম আরও লিখেছেন, “আলহামদুলিল্লাহ! দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও তিনি তখন বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেননি, তবে বাস্তবে দেখা গেছে, অভিনয় জগত থেকে দূরেই রয়েছেন তিনি। বর্তমানে তিনি ইসলামী রীতি-নীতি মেনে জীবনযাপন করার চেষ্টা করছেন এবং নতুনভাবে পথচলা শুরু করেছেন।









