অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধরের ঘটনা, গাড়ি ধাক্কা নিয়ে উত্তেজনা


ঢাকার দিয়াবাড়ি এলাকায় প্রাইভেটকার ধাক্কার ঘটনায় অভিনেত্রী মনিরার ছেলে মারধরের শিকার। ছবি: সংগৃহীত
ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাড়ি ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে এই মারধরের খবর দেন। তার বরাত দিয়ে জানা যায়, বিকেলে দিয়াবাড়ি এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে তাদের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অভিনেত্রীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ি থেকে নামলে প্রাইভেটকারটির মালিক ও চালক মিলে উপন্যাসের ওপর চড়াও হন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। এই ঘটনায় গাড়ির মালিক ও চালকের আচরণকে অভিনেত্রী ‘জানোয়ারের মতো’ উল্লেখ করেছেন। পুরো মারধরের দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে বলে তিনি জানান।
শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে মনিরা মিঠু জানান, তার বড় ছেলে উপন্যাসের শরীর জখম, বিশেষ করে ডান চোখে বেশি আঘাত পেয়েছে। তার হাঁটুতে একজন দাঁড়িয়ে গলা টিপে ধরে রাখত এবং আরেকজন লাথি-মার, ঘুষি চালাচ্ছিল।
মনিরা মিঠু বিপদের এই সময়ে পাশে থাকা সহশিল্পী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, এই অভিনেত্রী ও তার পরিবার দ্রুত বিচার দাবি করছেন, যাতে এমন অমানবিক ঘটনা আর না ঘটে।









