বিজয়–রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল, জল্পনায় ভক্তরা


ভাইরাল বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে আলোচনায় বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি বিয়ের আমন্ত্রণপত্র, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের দাবি, সেটি দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের কার্ড। আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সাত বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের গুঞ্জন রয়েছে এই জুটিকে ঘিরে। যদিও বিজয়ের টিম তাদের বাগদানের বিষয়টি নাকি নিশ্চিত করেছে—এমন দাবি শোনা গেলেও বিয়ে প্রসঙ্গে বর–কনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে বিয়ের পাশাপাশি বিবাহোত্তর সংবর্ধনার তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ে। পরবর্তী সময়ে আয়োজন করা হবে বড় আকারের উদযাপন।
কার্ড অনুযায়ী, ৪ মার্চ সন্ধ্যা সাতটায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রি-ওয়েডিং আয়োজন শুরু হওয়ারও উল্লেখ রয়েছে।
আমন্ত্রণপত্রে লেখা বার্তায় বলা হয়েছে, পরিবারের আশীর্বাদে ২৬ ফেব্রুয়ারি ছোট পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা এবং জীবনের এই নতুন অধ্যায়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চান। অনুষ্ঠানে তেলুগু ও কুর্গি—দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন থাকবে বলেও দাবি করা হয়েছে।
এদিকে রোববার রাতে আলাদা আলাদাভাবে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে দুই তারকাকে। তবে ভাইরাল কার্ডের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ ও কৌতূহল আরও বেড়েছে।










