জামায়াতের পক্ষে ভোট চাইছেন শাকিব’ ভিডিও বিতর্ক নিয়ে যা জানা গেল

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৪০ এএম
চিত্রনায়ক শাকিব খান—ভুয়া ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিভ্রান্তি। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান—ভুয়া ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিভ্রান্তি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে একটি ভুয়া ভিডিও ও ফটোকার্ড ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়, যা পরে ভুয়া ও বিভ্রান্তিকর বলে চিহ্নিত হয়েছে।

ভাইরাল হওয়া ওই ফটোকার্ডটি একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম ও লোগো ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। কার্ডটির সঙ্গে একটি গানের লিংকও যুক্ত ছিল। সেখানে ক্লিক করলে ‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’ শিরোনামের একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায় এবং তার পাশে শাকিব খান দাঁড়িয়ে আছেন—এমন দৃশ্য দেখানো হয়।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, গান ও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত ও প্রভাবিত করার উদ্দেশ্যে এই ভুয়া ভিডিও ও ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এর আগেও একই ধরনের ভুয়া প্রচারণার শিকার হয়েছিলেন শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা সাবিলা নূর। তার নাম ব্যবহার করে জামায়াতের পক্ষে একটি ভুয়া ফটোকার্ড ও বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরে সম্পূর্ণ অসত্য বলে প্রমাণিত হয়।

বিষয়টি নিয়ে সাবিলা নূর সোমবার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, তার নামে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ ভুয়া। একই সঙ্গে তিনি ভক্ত ও অনুসারীদের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে শাকিব খানকে ঘিরে ছড়ানো এই ভুয়া ভিডিও ও ফটোকার্ডের বিষয়ে এখনো অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ধরনের মিথ্যা প্রচারণায় তিনি বিব্রত এবং শিগগিরই নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন।