Something went wrong

খারাপ সময়েই কে আপন কে পর বুঝেছি: নুসরাত ফারিয়া

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৩৭ পিএম
পডকাস্ট সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

পডকাস্ট সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

 জীবনের কঠিন সময়ই মানুষকে সবচেয়ে ভালো শিক্ষা দেয়—কে প্রকৃত আপন আর কে কেবল পথের সঙ্গী। এমন অভিজ্ঞতার কথাই জানালেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, সম্পর্ক, ভালোবাসা ও নিজের দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নুসরাত ফারিয়া জানান, জীবনের খারাপ সময়গুলোই তাকে স্পষ্টভাবে চিনিয়ে দিয়েছে কে পাশে থাকে আর কে দূরে সরে যায়। অভিনেত্রীর ভাষায়, “জীবনে উত্থান-পতন সবারই আসে। কিন্তু খারাপ সময় এলেই বোঝা যায়—কে আপন, আর কে পর।”

জুলাই আন্দোলন–পরবর্তী সময়সহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সে সময় থানা-পুলিশ, সামাজিক চাপ এবং ব্যক্তিগত মানসিক লড়াই—সবকিছুই কাছ থেকে দেখেছেন বলে জানান এই অভিনেত্রী।

প্রেম ও সম্পর্কের প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। ভালোবাসা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, “সঙ্গীকে একদিন গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি।” নিজের ভালো থাকাকেই তিনি সম্পর্কের ভিত্তি মনে করেন।

সাক্ষাৎকারে নিজের নাম নিয়েও মজার একটি তথ্য শেয়ার করেন নুসরাত ফারিয়া। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও পরিবারের আদরের নাম ‘সেতু’। ঘনিষ্ঠজনদের কাছে আজও তিনি এই নামেই পরিচিত।

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার এই বিশেষ সাক্ষাৎকারটি আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে। ১০০ মিনিটব্যাপী এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বটির প্রযোজক জেডআই ফয়সাল।

Advertisement