থালাপতি বিজয়ের করফাঁকির অভিযোগে ১.৫ কোটি রুপি জরিমানা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৫৪ এএম
ভারতের দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য ঝামেলার শেষ নেই। ‘জন নায়াগাণ’ ছবিটি মুক্তির পর রাজনীতির মাঠে পূর্ণাঙ্গভাবে নামার ঘোষণা দিলেও নানা কারণে সিনেমার মুক্তি আটকে আছে। এবার নতুন সমস্যা, করফাঁকির অভিযোগে আরোপিত মোটা অঙ্কের জরিমানা থেকে তিনি রেহাই পাচ্ছেন না।

মাদ্রাজ হাইকোর্ট শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ২০১৫-১৬ অর্থ বছরে আয়র তথ্য গোপনের অভিযোগে আয়কর বিভাগ কর্তৃক আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রাখেছে। বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এই সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আয়কর বিভাগের পদক্ষেপ আইন অনুযায়ী সঠিক ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আয়কর বিভাগের পক্ষ থেকে বিজয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তে দেখা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে বিজয় তার আয়ের তথ্য দাখিল করেছেন ৩৫ কোটি ৪২ লাখ রুপির, তবে সিনেমা ‘পুলি’ থেকে প্রাপ্ত প্রায় ১৫ কোটি রুপির আয় তিনি আয়কর রিটার্নে উল্লেখ করেননি।

আয়কর বিভাগ এই আয়কে গোপন হিসেবে চিহ্নিত করে এবং ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করে। পরবর্তীতে বিজয় এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেন। অভিনেতার আইনজীবীরা দাবি করেছিলেন, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার কারণে এই জরিমানা বৈধ নয়।

তবে আদালত বিজয়ের দাবি খারিজ করে জানায়, আয়কর আইনের ২৬৩ ধারা অনুসারে সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়া আইনসম্মত ছিল। এর ফলে আয়কর দপ্তরের পক্ষ থেকে অর্থ আদায়ে আর কোনো বাধা থাকছে না।

তবে এখনো বিজয়ের কাছে শেষ একটি সুযোগ রয়েছে। তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।