অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মিমি চক্রবর্তীর


বনগাঁর একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার অভিযোগ তুলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। রোববার (২৫ জানুয়ারি) আয়োজিত ওই অনুষ্ঠানে আয়োজক সংস্থার কয়েকজন সদস্য তাকে অনুষ্ঠান চলাকালেই মঞ্চ থেকে নেমে যেতে বলেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় স্থানীয় থানায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনার বর্ণনা দেন মিমি চক্রবর্তী। সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তনয় শাস্ত্রী নামের এক ব্যক্তির নামও উল্লেখ করেন তিনি।
মিমির ইনস্টাগ্রাম স্টোরি সূত্রে জানা যায়, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজনে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান অভিনেত্রী। তার জন্য দর্শক ও ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। মিমি পৌঁছানোর পর দেরির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সঙ্গে সঙ্গেই মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন।
তবে অভিনেত্রীর অভিযোগ, পারফরম্যান্স চলাকালেই আয়োজকরা তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে বলেন এবং আর পারফর্ম করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, তার সঙ্গে ছবি তুলতে মঞ্চে ওঠা দর্শকদেরও জোরপূর্বক সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ঘটনায় বিস্ময় প্রকাশ করে মিমি চক্রবর্তী বলেন, “এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। আমি কোনো প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে যাই। বিষয়টি আমি আইনিভাবে মোকাবিলা করছি। আজ যদি চুপ থাকি, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে।”
এদিকে আয়োজক পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, চুক্তি অনুযায়ী মিমি চক্রবর্তীর সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি রাত সাড়ে ১১টার পর সেখানে উপস্থিত হন। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে তাদের দাবি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।




