Something went wrong

স্বর্ণের দামে বড় পতন, বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমলো

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৬ এ ৪:১১ পিএম
দেশের জুয়েলারি বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)— ছবি: সংগৃহীত

দেশের জুয়েলারি বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)— ছবি: সংগৃহীত

ঢাকা, শুক্রবার (৩০ জানুয়ারি)—টানা কয়েক দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজারে স্বর্ণের দর কমে যাওয়ার প্রভাবে আজ থেকে দেশের বাজারেও স্বর্ণের নতুন কম দাম কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ২৪ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। এই দাম আজ থেকেই দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। শুক্রবার ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা স্বর্ণের দাম এবং ৮১৬ টাকা রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই বাড়তি দামের একটি বড় অংশ কমানো হলো।

Advertisement
Advertisement