বিশ্ববাজারে রেকর্ড গড়ল স্বর্ণের দাম


স্বর্ণ। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুতগতিতে বাড়ছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ মার্কিন ডলার অতিক্রম করেছে, যা বৈশ্বিক বাজারে একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়। লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার স্পর্শ করে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে স্পট সিলভারের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৯৪ দশমিক ২৭ ডলার। সেশনের শুরুতে রুপার দাম রেকর্ড সর্বোচ্চ ৯৪ দশমিক ৭২ ডলার পর্যন্ত উঠেছিল।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির কারণে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। এতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। এর ফলেই প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলারের সীমা অতিক্রম করেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্পের ‘বিঘ্নকারী’ নীতিগত অবস্থান এবং সুদের হার কমানোর আগ্রহ মূল্যবান ধাতুর বাজারে অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাঁর মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার দামের জন্য সহায়ক ভূমিকা রেখেছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। এ সপ্তাহে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি মামলার শুনানি হতে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে।
যদিও ট্রাম্প নিয়মিত সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবে আগামী ২৭–২৮ জানুয়ারি ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূরাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদের চাহিদা বাড়ে।
ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ফেড ২০২৬ সাল পর্যন্ত সুদের হার কমানোর ধারা অব্যাহত রাখতে পারে। পরবর্তী সুদ কমানোর সিদ্ধান্ত জুন বা জুলাইয়ের দিকে আসতে পারে।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮২৮ দশমিক ৫৮ ডলার।










