বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালক ও ১ অতিরিক্ত পরিচালক বদলি

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:২৫ এএম
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এ চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন।

এদিকে পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্বে থাকবেন। পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দিচ্ছেন।

এ ছাড়া অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এই বদলি আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বে কর্মকর্তারা দ্রুত যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।