ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে এলো ৭৯ কোটি ডলার রেমিট্যান্স


বাংলাদেশ ব্যাংকের তথ্যে ফেব্রুয়ারির শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে জোরালো বৃদ্ধি দেখা গেছে। ছবি সংগৃহীত
চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম সাত দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলারের সমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী আয় প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহের চিত্র আরও আশাব্যঞ্জক। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস থেকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গত ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্সের রেকর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।










