দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৫ হাজার


দেশীয় বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেট স্বর্ণ। ছবি:সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। দাম কিছুটা কমানোর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি মাসে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ২২ জানুয়ারি এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৯৯ টাকা, ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়।
এই ছয় দফা মূল্যবৃদ্ধিতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বেড়ে এর আগে সর্বোচ্চ ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। ওই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার মধ্যেই দাম ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ানোয় স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হলো।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ছে। ফলে সহসা স্বর্ণের দামে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা কম বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।










