আজকের স্বর্ণের দাম: ১০ মার্চ ২০২৬, নতুন রেটে বিক্রি হচ্ছে স্বর্ণ

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১০ মার্চ, ২০২৬ এ ৪:৩৬ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) । ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) । ছবি: সংগৃহীত

বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যেই দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন এ মূল্য অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) থেকে সারা দেশে স্বর্ণ বিক্রি করা হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। স্বর্ণের মান ও বাজার পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

জানা গেছে, গত দুই সপ্তাহে টানা ছয়বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো দাম কমানো হলো। ফলে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় স্বর্ণের সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনে স্বর্ণের দাম ওঠানামা করতে পারে।