৭ ফেব্রুয়ারি ২০২৬: আজকের স্বর্ণের নতুন দাম

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:২৭ এএম
ঢাকায় স্বর্ণের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ছবি: সংগৃহীত

ঢাকায় স্বর্ণের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ছবি: সংগৃহীত

টানা দু’দফা বৃদ্ধির পর দেশে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭,৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম অনুযায়ী আজ শনিবার স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।

এর আগে ৩ ফেব্রুয়ারি বিকালে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০,৯০৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা। সেই দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৫ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ১৬ বার বৃদ্ধি এবং ৯ বার কমানো হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬,৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত হয়েছে ৩,৯০৭ টাকা।