৩ ফেব্রুয়ারি ২০২৬: আজকের স্বর্ণের সর্বশেষ দাম

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৩৭ এএম
স্বর্ণের দামের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ছবি: সংগৃহীত

স্বর্ণের দামের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সোমবার সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়, যা ২ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টা থেকে কার্যকর ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন সমন্বয় হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার পরিস্থিতির ওপর নজর রেখে সামনে আরও সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।