১৭ মার্চ স্বর্ণের সর্বশেষ দাম, কত কমলো ভরিতে?


২২ ক্যারেটের এক ভরি এখন ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে বাজুস। ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) পর্যন্ত কার্যকর এই দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়।
বাজুস জানায়, গত শনিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম নির্ধারণ করা হয়, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বর্তমানে একই দামে বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে স্বর্ণের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। ফলে কয়েক দিনের ব্যবধানে টানা কমেছে স্বর্ণের দাম।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে স্বর্ণের দামে এমন ওঠানামা দেখা যায়। আগামী দিনগুলোতেও বাজার পরিস্থিতি অনুযায়ী দামে পরিবর্তন আসতে পারে।










