রপ্তানি খাতে ২,৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার


রপ্তানি খাতে নগদ সহায়তার অর্থ ছাড়ে স্বস্তি পেল তৈরি পোশাক শিল্প। ছবি: সংগৃহীত
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিল্প মালিকদের বেতন-ভাতা, উৎসব বোনাস ও ইউটিলিটি বিল পরিশোধের চাপের মধ্যে এ অর্থ ছাড়কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ঈদের আগে শিল্প মালিকদের ওপর আর্থিক চাপ বেড়ে যায়। এমন সময়ে নগদ সহায়তার অর্থ ছাড় শিল্পখাতের জন্য বড় স্বস্তি এনে দেবে।
বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের দাবিতে বর্তমান বোর্ড সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক-এর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। আলোচনার ধারাবাহিকতায় দ্রুততম সময়ে তহবিল অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১,৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫০০ কোটি টাকা। সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
শিল্প সংশ্লিষ্টদের মতে, এই অর্থ ছাড় রপ্তানি খাতে তারল্য সংকট মোকাবেলায় সহায়ক হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে। সামনের দিনগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে এ ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকার প্রত্যাশাও জানিয়েছেন তারা।










