বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিতে বাড়ি কেনার জন্য মিলবে সর্বোচ্চ ৪ কোটি টাকা ঋণ


বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিতে গৃহঋণ প্রদানের সীমা ও শর্তে পরিবর্তন আনা হয়েছে। ছবি : সংগৃহীত
ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হারের ভিত্তিতে এখন থেকে গ্রাহকরা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন, তা নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী, ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য একজন গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এতে জানানো হয়, ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ৫ শতাংশ বা তার কম হলে গ্রাহক সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে থাকলে সর্বোচ্চ গৃহঋণের সীমা হবে ৩ কোটি টাকা। আর খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি হলে সেই ব্যাংক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দিতে পারবে।
নতুন নীতিমালায় গৃহঋণের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত অর্থ ব্যাংক ঋণ হিসেবে দিতে পারবে। বাকি অন্তত ৩০ শতাংশ অর্থ নিজস্ব উৎস থেকে যোগান দিতে হবে গ্রাহককে।
এ ছাড়া ঋণ অনুমোদনের আগে ব্যাংককে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সংশ্লিষ্ট গ্রাহকের পর্যাপ্ত ও নিয়মিত আয়ের উৎস রয়েছে এবং তিনি সময়মতো কিস্তি পরিশোধে সক্ষম হবেন। আয় যাচাই ও ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা মূল্যায়নের বিষয়টিতে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গৃহঋণ সংক্রান্ত আগের সব সার্কুলার বাতিল করে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর গৃহঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।









