নতুন ডিজাইনের ১০ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৩১ এএম
গ্রাফিতি ২০২৪ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি সংবলিত নতুন ১০ টাকার নোট। ছবি: সংগৃহীত

গ্রাফিতি ২০২৪ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি সংবলিত নতুন ১০ টাকার নোট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের আদলে তৈরি নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট এবার প্রথমবারের মতো বাজারে ছাড়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটটির সম্মুখভাগের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার চিত্র। নোটটির পেছন ভাগে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর শিল্পকর্ম।

নোটটির রঙে গোলাপির আধিক্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখসংবলিত জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, সি-থ্রু ইমেজ ও মাইক্রোপ্রিন্ট। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজনের মাধ্যমে বাজারে আসা এই ১০ টাকার নোট লেনদেনে আস্থা বাড়াবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।