কুমিল্লায় বিএনপি–জামায়াত সংঘর্ষে অন্তত ১০ জন আহত


চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা। ছবি: সংগৃহীত
কুমিল্লা | শনিবার (৩১ জানুয়ারি) — কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াতের ছয়জন ও বিএনপির চারজন নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত এক নির্বাচনি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার পর নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানিসহ ছয়জন আহত হন। অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরীসহ চারজন আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, তাদের নেতাকর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে হামলার শিকার হন। অন্যদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী দাবি করেন, সংঘর্ষের সূচনা জামায়াতের পক্ষ থেকেই হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।










