পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: আমিরে জামায়াত

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৪১ এএম
নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পরিবার, ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণ ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ পরীক্ষিত, পরিচিত ও প্রমাণিত নেতৃত্বের পক্ষেই এবার অবস্থান নেবে, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং মদিনার আদলে ইনসাফ কায়েমে বিশ্বাসী।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণ আর পুরোনো ও পচা রাজনীতি চায় না। পরিবার বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের আর আস্থা নেই। দলীয় সরকার নয়, জনগণ এখন জনগণের সরকার দেখতে চায়।

তিনি আরও বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে শাসনব্যবস্থা হবে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। তার দাবি, দেশের তরুণ সমাজ ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে— তারা ধান্দাবাজি ও ধাপ্পাবাজির রাজনীতির সঙ্গে নেই। তারা কোনো কার্ড কিংবা বেকার ভাতার লোভে রাজনীতি দেখতে চায় না, বরং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।

জামায়াত আমিরের ভাষায়, এই গণজোয়ার শুধু ময়মনসিংহে নয়, সারা বাংলাদেশেই একই চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, “আমরা যে নতুন বাংলাদেশ চাই, সেটি হবে ২০২৪-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ।” তরুণদের পাশাপাশি নারী, শিশু ও সাধারণ মানুষও পরিবর্তন চায় বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৭৭ বছরের অভিজ্ঞতা থেকে জনগণ পুরোনো রাজনৈতিক ধারার বিচার করেছে। তিনি প্রশ্ন রাখেন, এই ব্যর্থ রাজনীতি কি আবার বাংলাদেশে ফিরে আসা উচিত? তার মতে, এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন, যা দেশকে সঠিক পথে দাঁড় করাবে।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার। এছাড়া ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসন ও নেত্রকোনা জেলার প্রার্থীরাও সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত সকল প্রার্থীকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।