ক্ষতিপূরণসহ বিসিবিকে তিন সুবিধা দিতে যাচ্ছে আইসিসি


আইসিসি ও বিসিবির বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে রোববার অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় বাংলাদেশ বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে। পাক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষতিপূরণসহ বিসিবিকে তিনটি গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে আইসিসি।
পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। একই পরিস্থিতিতে পাকিস্তানও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করে। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ওই ম্যাচ মাঠে না গড়ালে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা।
এই আর্থিক ক্ষতি এড়াতেই ম্যাচ আয়োজন এবং সংশ্লিষ্ট জটিলতা নিরসনে মরিয়া হয়ে ওঠে আইসিসি। সেই লক্ষ্যেই রোববার বিকেলে লাহোরে পিসিবি ও বিসিবিকে নিয়ে বৈঠকে বসে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বৈঠকটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বিসিবি যে অভিযোগ ও আপত্তিগুলো উত্থাপন করেছিল, সেগুলোর প্রতি আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের অতীতের বঞ্চনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সমাধানমূলক কাঠামো বা ‘ফর্মুলা’তে পৌঁছানো হয়েছে।
এই ফর্মুলা অনুযায়ী বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। প্রথমত, বিশ্বকাপে অংশ না নিতে পারায় বাংলাদেশ আর্থিক ক্ষতিপূরণ পাবে। দ্বিতীয়ত, বিশ্বকাপের লভ্যাংশ থেকেও বাংলাদেশকে তার অংশ দেওয়া হবে। তৃতীয় সুবিধা হিসেবে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে আইসিসি ও বিসিবির মধ্যেই মূল আলোচনা হয়েছে, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমন্বয়কের ভূমিকা পালন করে। পিসিবি দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা এবং সমঝোতা তৈরিতে সহায়তা করেছে।
সূত্র আরও জানায়, আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য বৈঠক ত্যাগ করেন। একই সময়ে বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।
সমঝোতার কাঠামোতে প্রাথমিক ঐকমত্যের পর সোমবার দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে আবার যোগাযোগ হতে পারে। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।










