বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় টিকিট বিক্রিতে বড় ধস, চিন্তায় আইসিসি


আইসিসির ভুল সিদ্ধান্তে বিশ্বকাপের জৌলুস ম্লান। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ না নেওয়ায় টুর্নামেন্টের দর্শক আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে। ভারতসহ আয়োজক দেশগুলোর স্টেডিয়ামে দর্শকসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চারটি ম্যাচ নির্ধারিত ছিল, যার মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ দল না থাকায় কলকাতার দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় অনেক ক্রিকেটপ্রেমী ম্যাচগুলো এড়িয়ে যাচ্ছেন। কলকাতার ঐতিহ্যবাহী ক্রিকেট সংস্কৃতির শহরে এমন চিত্র আগে দেখা যায়নি বলে মন্তব্য করছেন স্থানীয় আয়োজকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব সংলগ্ন টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন দর্শকসংকট উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী দিনে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচের জন্য গতকাল পর্যন্ত মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট বিক্রি হয়েছে। অথচ এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার।
অন্য ম্যাচগুলোর অবস্থাও একই রকম হতাশাজনক। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ইতালির ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ৪ হাজার ৯৭০টি। আর ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ২৪৮টি টিকিট।
বিশ্লেষকদের মতে, উপমহাদেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্তই এই পরিস্থিতির মূল কারণ। দর্শক আগ্রহ কমে যাওয়ায় আইসিসির রাজস্ব ও টুর্নামেন্টের আকর্ষণ—দুটিই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।







