যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত, মালিকানা চুক্তি চূড়ান্ত

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৫৫ এএম
যুক্তরাষ্ট্রে নতুন মালিকানা কাঠামোর অধীনে পরিচালিত হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন মালিকানা কাঠামোর অধীনে পরিচালিত হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। চীনা মালিকানাধীন বাইটড্যান্সের সঙ্গে মালিকানা পুনর্গঠন সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ায় এখন থেকে টিকটকের যুক্তরাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে একটি আমেরিকান মালিকানাধীন যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান।

নতুন এই যৌথ উদ্যোগের অধীনে টিকটকের ডেটা সুরক্ষা, কনটেন্ট তদারকি এবং সফটওয়্যার নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এই কাঠামো পরিবর্তনের মূল উদ্দেশ্য। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে চুক্তিটি কার্যকর হওয়ায় নিষেধাজ্ঞার ঝুঁকি থেকেও রক্ষা পেয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি।

এই যৌথ উদ্যোগটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং নতুন নেতৃত্ব দলের নামও ঘোষণা করা হয়েছে। নতুন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডাম প্রেসার, যিনি আগে যুক্তরাষ্ট্রে টিকটকের ডেটা সুরক্ষা কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় অভিজ্ঞ উইল ফ্যারেল।

পরিচালনা পর্ষদেও যুক্ত হয়েছেন প্রযুক্তি ও বিনিয়োগ খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা। বোর্ডে রয়েছেন টিকটক ইউএস প্রধান শৌ চিউ, ওরাকলের জ্যেষ্ঠ নির্বাহী কেনেথ গ্লুক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেক, সকোয়েহানা ও এমজিএক্সের প্রতিনিধিরা।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রীয় অংশ আলাদা করার জন্য ২৩ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। শর্ত পূরণ না হলে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। চুক্তি কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “চুক্তিটি অন্যভাবে শেষও হতে পারত।” এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও ধন্যবাদ জানান।

চুক্তির ফলে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাপটির অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নতুন মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে যাবে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণের দায়িত্ব পালন করবে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল।

চুক্তি অনুযায়ী নতুন যৌথ উদ্যোগের ৫০ শতাংশ মালিকানা থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। এর মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স। প্রায় ৩০ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্স–সংশ্লিষ্ট কিছু বিনিয়োগকারীর কাছে এবং বাইটড্যান্স সরাসরি নিয়ন্ত্রণে রাখবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা।

তবে এই সমঝোতা নিয়েও বিতর্ক পুরোপুরি থামেনি। ডেমোক্র্যাট সিনেটর এড মার্কি অ্যালগরিদমের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। চুক্তির অংশ হিসেবে বাইটড্যান্সের কাছ থেকে অ্যালগরিদম লাইসেন্স নেওয়া হবে এবং তা পুনরায় প্রশিক্ষণ ও পর্যালোচনার আওতায় আনা হবে। এই প্রক্রিয়াই ভবিষ্যতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, টিকটক ইস্যুটি কেবল প্রযুক্তিগত নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। নতুন এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম অব্যাহত থাকলেও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর এর প্রভাব ভবিষ্যতেও আলোচনায় থাকবে।