Something went wrong

মেটা কানেক্ট ২০২৫ এ আসছে স্মার্ট গ্লাস বিপ্লব

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:১২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলিকন ভ্যালির অন্যতম বড় প্রযুক্তি আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫’ বুধবার থেকে শুরু হচ্ছে। মেনলো পার্কে মেটার প্রধান কার্যালয়ে বসতে যাওয়া এ আয়োজন ঘিরে প্রযুক্তি দুনিয়ায় ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবারের ইভেন্টের মূল আকর্ষণ হতে পারে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।

রেও-ব্যান ও ওকলির সহযোগিতায় মেটা যে এআই–চালিত স্মার্ট গ্লাস বাজারে এনেছে, তা ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। তবে এ বছর প্রযুক্তিপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক। গুঞ্জন আছে, মঞ্চে উন্মোচিত হবে নতুন ‘হাইপারনোভা’ স্মার্ট গ্লাস। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, চশমার ডান লেন্সে হেডস-আপ ডিসপ্লে, ক্যামেরা, মাইক্রোফোন এবং এআই সহকারী যুক্ত করা হয়েছে।

শুধু রেও-ব্যান নয়, আলোচনায় রয়েছে ওকলির স্পেয়ারা স্টাইল মডেলও। এর বড় ইউনিফাইড লেন্স বিশেষভাবে আকর্ষণীয় দৌড়বিদ ও বাইকারদের জন্য। আগের মডেলগুলোর তুলনায় এটি আরও স্পোর্টি এবং এর ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে।

এবারের কানেক্ট মঞ্চে আরেকটি বড় আলোচনার বিষয় হতে যাচ্ছে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক স্কেল এআই প্রধান আলেকজান্ডার ওয়াংয়ের নেতৃত্বে এ ল্যাব গড়ে তুলেছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্মার্ট গ্লাসে এআই একীভূতকরণ মেটাকে নতুন প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মে শীর্ষ অবস্থানে পৌঁছে দিতে পারে। মেটার প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রাখবেন।

যদিও ‘মেটা কানেক্ট’ মানেই সাধারণত মেটাভার্সের আলোচনা, তবে এবারের আসরে গুরুত্ব পাচ্ছে এআই ও ওয়্যারেবল প্রযুক্তি। সিইও মার্ক জাকারবার্গ অবশ্যই তার মূল বক্তৃতায় মেটাভার্সের প্রসঙ্গ তুলবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে মেটার ওয়েবসাইটে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। পাশাপাশি, মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটিতেও এ আয়োজন উপভোগ করতে পারবেন। ডেভেলপারদের জন্য থাকছে আলাদা সেশন, যেখানে এআই–চালিত অভিজ্ঞতা তৈরির নতুন দিকনির্দেশনা দেওয়া হবে।

Advertisement