ওপেনএআই চালু করল চ্যাটজিপিতে নতুন বছরশেষ ফিচার


চ্যাটজিপিটির নতুন ফিচার ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ ব্যবহারকারীদের ব্যক্তিগত বছরের রিভিউ দেখাবে। ছবি: সংগৃহীত
বছরের শেষের দিকে ওপেনএআই নতুন ফিচার ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ চালু করেছে, যা ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় ও কথোপকথনের সংক্ষিপ্তসার প্রদর্শন করবে। স্পটিফাই র্যাপডের মতোই এটি ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত রিভিউ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।
ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে ফিচারটির ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি পুরো বছরের কথোপকথন, আলোচ্য বিষয় এবং আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো দেখাবে।
ফিচারটি কিভাবে কাজ করবে
ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ সেটিংস চালু থাকতে হবে। এই সেটিংস অন রাখলে ধাপে ধাপে ফিচারটি সক্রিয় হবে। বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে উপলব্ধ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ভবিষ্যতে অন্যান্য দেশে এটি উপলব্ধ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
এই বছরের রিভিউতে ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং এক বছরের মধ্যে তৈরি গুরুত্বপূর্ণ আইডিয়ার সংক্ষিপ্তসার প্রদর্শিত হবে। ওপেনএআইয়ের মতে, এটি অনেকটা স্পটিফাই র্যাপডের মতো, তবে এখানে গান নয়, দেখানো হবে কতটা সময় চ্যাটজিপিটির সঙ্গে কাটিয়েছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।
ব্যবহারকারীরা কিভাবে দেখতে পারবেন
যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেখানে ব্যবহারকারীরা অ্যাপে ঢুকে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি দেখতে পারবেন। নতুন চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করেও এটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখেও দেখা যাবে—“Show me my year with ChatGPT।”
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চ্যাটজিপিটির ইতিহাসে প্রথম বছরশেষ রিভিউ ফিচার, যা ব্যবহারকারীদের সঙ্গে এআইয়ের সম্পর্ককে আরও ব্যক্তিগত ও স্মরণীয় করে তুলবে।
সূত্র: টেক টাইমস










