২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, আজ বিএনপির বিশাল জনসভা


তারেক রহমান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বৃহৎ নির্বাচনি জনসভা। শনিবার (আজ) দুপুর ২টার দিকে তিনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভাকে ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন। মাঠজুড়ে মঞ্চ, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তাব্যবস্থা প্রস্তুত করা হয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, জনসভা সফল করতে সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার এই সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে জনসভায় যোগদানের আহ্বান জানানো হয়।
মাদ্রাসা মাঠের এই সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাঠের আশপাশের সড়কগুলোতে ভিড় সামলাতে স্বেচ্ছাসেবক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, “এই জনসভায় মানুষের ঢল নামবে। আমাদের ধারণা, প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে। সে অনুযায়ী সব প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে ঘিরে বিএনপির নির্বাচনী রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন দলটির নেতারা। আজকের জনসভা থেকে রাজশাহী অঞ্চলের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।








