সরকারে থাকলে অ্যাকশন আরও বেশি নেওয়া যেত: আমির হামজা

কুষ্টিয়া (জেলা) প্রতিনিধি
কুষ্টিয়া (জেলা) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৫৬ এএম
কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন এমপি মুফতি আমির হামজা।

কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন এমপি মুফতি আমির হামজা।

কুষ্টিয়া-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে আরও বেশি ‘অ্যাকশন’ নেওয়া সম্ভব হতো। তবে বিরোধী দলে থাকার কারণে শতভাগ পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে নাগরিক সেবা নিশ্চিতকরণে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, “আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধীতে আছি, তাই অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতার আশ্বাস দিলেও কঠোর অবস্থান নিলে তারা বিপক্ষে অবস্থান নেন। তবে বাধা এলেও পিছিয়ে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে এমপি বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় অনেকেই রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছেন। এতে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা ও পরিবেশদূষণ বাড়ছে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কুষ্টিয়া পৌরসভা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।