বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক নিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:০২ এএম
এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার। ছবি সংগৃহীত

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার। ছবি সংগৃহীত

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান বলেন, তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে, যা ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি আশা প্রকাশ করেন, এই ঘটনায় দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত হবে।

জামায়াত আমির বলেন, দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার আগে বহুবার ভাববে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অল্প সময়ের মধ্যে যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনের বাস্তব প্রয়োগ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশিত হয়েছে এবং ডা. শফিকুর রহমানের নামে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে দলটির নির্বাচনি প্রচার টিম সাধারণ ডায়েরি (জিডি) করে।