প্রথমবার তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করলেন তারেক রহমান


তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবসে স্বর্ণচাঁপা চারা রোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। এরপর তিনি মূল ভবনে প্রবেশের আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীও এ সময় উপস্থিত ছিলেন।
কার্যালয় প্রাঙ্গণে এদিন উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানান, এদিন তিনি বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে প্রাথমিক বৈঠকও করেন।
দায়িত্বের প্রথম কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করা প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী দিনগুলোতে এখান থেকেই নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।










