নতুন দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সারজিস আলমের বড় বার্তা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:০০ পিএম
বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে।

সারজিস আলম জানান, “দ্রুত প্রাথমিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শুরু করব। উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।” তিনি বলেন, এনসিপি নতুন এক গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে এবং তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল বা অনিয়ম না হয়, সে বিষয়ে দল সতর্ক থাকবে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, যাদের জনগ্রহণযোগ্যতা বেশি থাকবে, তারাই দলীয়ভাবে মূল্যায়নে অগ্রাধিকার পাবেন।

এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সারজিস আলম। পৌরসভা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কথা বলেন তিনি। তবে জোটভিত্তিক নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেষ সময়ে নেওয়া হবে বলে ইঙ্গিত দেন।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হবে।