দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতে ইসলামীর


জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ব্যবহার না করার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে এ আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জাতীয় সংসদের ২০০ নম্বর নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইন এবং ২৮৫ নম্বর চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল।
তবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে ওই দুটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী গোলাম সরোয়ার এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়।
আবেদনপত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট দুই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এ কারণে ব্যালট পেপারে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় বিভ্রান্তি এড়াতে ওই দুটি আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা না রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।








