Something went wrong

আত্মগোপনে থাকা আ.লীগ নেতা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৫ এ ৯:০৭ এএম
নাশকতা মামলায় আত্মগোপনে থাকা আ.লীগ নেতা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার। ছবি : সংগৃহীত

নাশকতা মামলায় আত্মগোপনে থাকা আ.লীগ নেতা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোররাতে কালাম হাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আলাউদ্দিন বেদন বেশ কিছুদিন ধরে জোড়খালী গ্রামে আত্মগোপনে ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ের জামাই। নাশকতার একাধিক মামলার আসামি হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, “আলাউদ্দিন বেদনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতার এভাবে গ্রেফতার হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তার গ্রেফতার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে নির্বাচনপূর্ব সময়ে।

Advertisement
Advertisement