দুর্নীতির লাগাম টানতেই হবে: দাউদকান্দিতে তারেক রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২৬ এ ৩:২২ এএম
দাউদকান্দির কেন্দ্রীয় ইদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি:সংগৃহীত

দাউদকান্দির কেন্দ্রীয় ইদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি:সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারই দেশে কার্যকরভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছিল। ভবিষ্যতেও যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে সাধারণ মানুষের প্রকৃত উপকার সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন দেশের প্রতিটি স্তরে উন্নয়ন দৃশ্যমান হয়। গ্রাম থেকে শহর—প্রতিটি পরিবারকে ঘিরে বিএনপির সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা নয়, বরং জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাই তার মূল উদ্দেশ্য। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কী কী করা হবে, সেই রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করতে চান বলে জানান তিনি।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একসময় দেশের বহু খাল খননের মাধ্যমে যোগাযোগ ও কৃষি ব্যবস্থায় গতি এসেছিল। বর্তমানে এসব খাল ভরাট ও অচল হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব খাল পুনঃখনন করে সেগুলোকে আবারও সচল করা হবে। এ সময় তিনি কুমিল্লাবাসীর সঙ্গে খাল খনন প্রকল্পে পুনরায় দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি খাতে নতুন উদ্যোগের কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে কৃষি বীমা ও সহজ কৃষি ঋণের সুবিধা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের প্রতিটি গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এসব স্বাস্থ্যকর্মী বিশেষ করে নারী ও শিশুদের ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবেন, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে চিকিৎসা সুবিধা পায়।

যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রতিটি জেলা ও অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। যুবকদের দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য।

জনসভায় তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরে সরকারের দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।